মোঃ আবুল কালাম, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া হাসপাতালের একমাত্র যাতায়াতের কাঠের সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বলগেটের ধাক্কায় সেতুটি আজ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঠের সেতুর পাশেই একটি নতুন সেতু নির্মাণকাজ শুরু হয়েছিল। তবে আওয়ামী লীগ সরকারের সময় কাজ শুরু হলেও ৫ জুলাইয়ের পর থেকে নির্মাণকাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এরপর ঠিকাদার কাজ ফেলে চলে যান বলে অভিযোগ রয়েছে।
এই ঝুঁকিপূর্ণ কাঠের সেতু দিয়েই প্রতিদিন কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে যাতায়াত করছে। একই সঙ্গে আমুয়া হাসপাতালের রোগী ও স্বজনদেরও এই পথ ব্যবহার করতে হচ্ছে। হাসপাতালটিতে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে না পারায় মুমূর্ষু রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এলজিইডি ও উপজেলা প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা একাধিকবার স্থানটি পরিদর্শন করলেও এখন পর্যন্ত সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে দিন দিন জনদুর্ভোগ বাড়ছে।
এলাকাবাসী দ্রুত সেতু নির্মাণকাজ পুনরায় শুরু করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।