মোঃ শফিকুজ্জামান সোহেল
গঙ্গাচড়া,রংপুর প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ায় পরিত্যক্ত একটি ঘরে বসেছিল জুয়ার আসর। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের চন্দনের হাট এলাকায় এ অভিযান চালানো হয়। গঙ্গাচড়া মডেল থানার পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চন্দনের হাট এলাকায় সাবেক ইউপি সদস্য জীবন চন্দ্রের একটি পরিত্যক্ত ঘরের ভেতরে কয়েকজন ব্যক্তি জুয়া খেলছিলেন। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ ছয়জনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মানিক চন্দ্র বিশ্বাস (৪০), মো. সামিদুল ইসলাম (৩৫), মো. জামিদুল ইসলাম (৩৬), দ্বারকানাথ রায় (৬০), মো. জাহের আলী (৫২) ও মো. জাহাঙ্গীর আলম (৫৫)। তাঁরা সবাই গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় গঙ্গাচড়া মডেল থানায় মামলা হয়েছে। মামলার নম্বর ১৫, তারিখ ১৬ নভেম্বর ২০২৬।