পটুয়াখালীর দশমিনা উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এবং প্রাকৃতিক দুর্যোগ ও নদীভাঙনপ্রবণ একমাত্র চর ইউনিয়ন চরবোরহানে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দশমিনা উপজেলা শাখা এই পরিবেশবান্ধব উদ্যোগের আয়োজন করে। আজ (১১ জুন, ২০২৬ ) চরবোরহান ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এই চারা রোপণ ও বিতরণ কর্মসূচির সূচনা করা হয়।
প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও ছাত্রশিবির সারাদেশে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযানের ঘোষণা দিয়েছে। এরই ধারাবাহিকতায় দশমিনা উপজেলা শাখা উপজেলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও গাছপালার প্রয়োজনীয়তা থাকা অঞ্চল চরবোরহানকে এই কর্মসূচির উদ্বোধনী স্থান হিসেবে বেছে নেয়। ভৌগোলিক কারণে চরবোরহান প্রায়শই তীব্র নদীভাঙন ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। বক্তারা জানান, এই চরাঞ্চলে ব্যাপক হারে বৃক্ষরোপণ করা হলে তা প্রাকৃতিকভাবেই নদীভাঙন রোধে এবং মাটির ক্ষয় রুখতে শক্তিশালী প্রাচীর হিসেবে কাজ করবে।
কর্মসূচির উদ্বোধনকালে দশমিনা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের ইসলাম কেন্দ্রীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের উপকূলীয় অঞ্চল ও চরাঞ্চলগুলোকে রক্ষা করতে গাছের কোনো বিকল্প নেই। চরবোরহানের মতো ঝুঁকিপূর্ণ এলাকায় এই অভিযান শুধু একটি কর্মসূচি নয়, বরং এটি এই চরের মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চরবোরহান ইউনিয়ন শিবিরের সভাপতি নাজমুল হোসেনসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত নেতৃবৃন্দ প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী গড়তে সাধারণ শিক্ষার্থীসহ সর্বস্তরের ছাত্রসমাজকে গাছ লাগানোর এই সামাজিক আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার এবং সচেতন হওয়ার আহ্বান জানান। উদ্বোধন শেষে স্থানীয় জনগণের মাঝে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।