বরিশাল প্রতিনিধি: বরিশালে ৪.৫ কেজি গাঁজাসহ মোঃ মানিক মিয়া (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬:৩০ মিনিটে বরিশাল কোতোয়ালি মডেল থানাধীন বিসিসি ২২ নম্বর ওয়ার্ডের ঢাকা-বরিশাল মহাসড়কের চৌমাথা মাছ বাজারের সামনের পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মানিক মিয়া টাঙ্গাইলের ধনবাড়ী থানার বালাসুতি গ্রামের মোঃ বেলাল হোসেনের ছেলে। তিনি বর্তমানে ঢাকার দক্ষিণখান থানার কাওলার এলাকায় বসবাস করছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা কার্যালয়ের একটি অভিযান দল উল্লিখিত স্থানে অভিযান চালায়। পরে সেখানে সন্দেহভাজন মানিক মিয়াকে তল্লাশি করে সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৫৬ ধারায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, বরিশালের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম।