বরিশাল প্রতিনিধি:
বরিশাল নগরীর রূপাতলীর ২৫ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সমিতির দক্ষিণ পাশে অবস্থিত মেডিমেট ফার্মাসিউটিক্যালস ওষুধ তৈরির প্রতিষ্ঠান মানুষের জীবন রক্ষাকারী ওষুধ তৈরির কথা থাকলেও, আধুনিক পরিবেশ সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় নানান ধরনের রাসায়নিক কেমিক্যালের কারণে মানুষের মধ্যে নানান রোগ ছড়িয়ে পড়ছে এবং দিন দিন মৃত্যুর ঝুঁকি বাড়ছে।
প্রতিষ্ঠানটি অত্যন্ত স্পর্শকাতর আবাসিক এলাকায় অবস্থিত হওয়ায় শিশু ও বয়োবৃদ্ধসহ সেখানে বসবাসরত মানুষ বাতাসে ছড়িয়ে পড়া রাসায়নিক কেমিক্যাল শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করায় ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টসহ ক্যান্সারে আক্রান্তের ঝুঁকিতে থেকে মৃত্যুর প্রহর গুনছে।
এলাকার সাধারণ মানুষের দাবি, ওষুধ ফ্যাক্টরিটির সঠিক ব্যবস্থাপনা, আধুনিক বর্জ্য শোধনাগার স্থাপন এবং পরিবেশ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালনা করতে হবে। এ বিষয়ে তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি সরকারি কর্মকর্তাদের বিশেষ নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কথা হয় বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালকের সাথে। তিনি জানান, প্রতিষ্ঠানটির বিভিন্ন ত্রুটি নিয়ে কর্তৃপক্ষকে বারবার নোটিশ প্রদান করা হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে শর্ত সাপেক্ষে উৎপাদন শুরু না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে জানতে তাদের ওয়েবসাইটে দেওয়া নম্বরে ফোন করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।