বেতাগীতে খোদ ভূমি অফিসের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে ভুমি অফিসের বিরুদ্ধে হাইকোর্টের আদেশ অমান্যের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় বেতাগী পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা কামরুল আহসান কবির তার নিজ বাসভবনে বেতাগী প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কামরুল আহসান কবির অভিযোগ করেন, তার রেকর্ডিয় ১২ শতাংশ জমি দখল করে উপজেলা ভূমি অফিস নির্মান করা হয়েছে। তিনি বাদী হয়ে তার জমি দখলের বিরুদ্ধে এবং জমির মালিকানা দাবি করে মহামান্য হাইকোর্টে একটি রিটপিটিশন দাখিল করেন। ৪ এপিল ২০২১ তারিখ হাইকোর্টের একক বেঞ্চের বিচারপতি এ কে এম শহীদুল হক উক্ত রিটপিটিশনের শুনানি শেষে ৬ মাসের স্থিতি অবস্থা জারি করেন। হাই কোর্টের এ আদেশনুযায়ী উক্ত জমিতে কোনপক্ষ কোন প্রকার কার্যক্রম চালাতে পারবে না। কিন্তু উপজেলা ভুমি অফিসের লোকজন হাইকোর্টের আদেশ অমান্য করে আসবাবপত্র ও ফাইল পত্রনিয়ে উক্ত ভবনে কার্যক্রম চালাচ্ছে বলে তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন। সাংবাদিকদের এক প্রশ্নেরে জবাবে তিনি বলেন, আমার রেকর্ডিয় ১২ শতাংশ জমি ফিরে পেতে আমি বিভিন্ন দপ্তরে ঘূড়েছি কিন্ত কোন প্রতিকার পাইনি। সাংবাদিক সম্মেলনে তার স্ত্রী শাহনাজ বেগম ও বেতাগী পৌরসভার কাউন্সিলর লুৎফুন্নেসা রিনা উপস্থিত ছিলেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি)’র অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সুহৃদ সালেহীন বলেন, নিষেধাজ্ঞার জারির পর আমরা কোন প্রকার কার্যক্রম পরিচালনা করিনি। ভূমি অফিসের লোকজন আসবাবপত্র ও ফাইলপত্র নিয়ে দরজা জানালা বিহীন সম্পন্ন না হওয়া ভবনে কাজ করছেন কেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন আমি তাদের অফিসে কোন কাজ করতে বলিনি।