সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রেলওয়ে বাংকারে সরকারি জায়গায় অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে কালবৈশাখির কবলে পড়ে জহির আলম (১৭) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু ঘটেছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জহির আলম সিলেটের জালালাবাদ থানার মানসিনগর (নোয়াগাঁও) গ্রামের মৃত ইউনূস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাথর খেকো একটি চক্র দীর্ঘদিন থেকে ভোলাগঞ্জের রেলওয়ের বাংকার থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছে। তাদের নির্দেশে পাথর উত্তোলন করতে গিয়ে বৃহস্পতিবার ভোরে কালবৈশাখির কবলে পড়ে জহির আলম নামের ওই কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. নজরুল ইসলাম জানান, আমরা খবর পেয়েছি একজন শ্রমিক মৃত্যুবরণ করেছে। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।