মৌলভীবাজার জেলার লাউয়াছড়ায় গাছ উপড়ে পড়ে ১ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ
মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে আজ বৃহস্পতিবার দুপুরে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ট্রেন চলাচল এক ঘণ্টা বন্ধ থাকে। গাছ সরিয়ে নেওয়া হলে এক ঘণ্টা পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, আজ দুপুর সোয়া ১২টার দিকে সিলেট-আখাউড়া রেলপথের লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেলপথের ধারে একটি বড় গাছ শিকড়সহ উপড়ে পড়ে। এতে শ্রীমঙ্গল স্টেশন অতিক্রম করে আসা সিলেটগামী যাত্রীবাহী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি পাহাড়ি এলাকায় আটকা পড়ে। এ ছাড়া সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ভানুগাছ স্টেশনে আটকা পড়ে। খবর পেয়ে রেলকর্মী ও বনকর্মীরা গাছ কেটে সরিয়ে নেন। বেলা সোয়া একটার দিকে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছিল। গাছ কেটে সরিয়ে নেওয়ার পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।