ছবি: সংগৃহীত
সরকারের ইতিবাচক উদ্যোগে সহযোগিতার আশ্বাস দিলেও দেশের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত এলে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনে আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলা হবে।
শনিবার (৯ মে) সকালে জাপান সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সরকারের কোনো ভুল হলে তাদের তা ধরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। সরকার যদি ভালো কাজের উদ্যোগ নেয় তাহলে আমরা সহযোগিতা করব। কিন্তু যদি দেশের ক্ষতি হয়, আমরা নীরবে বসে থাকব না। আমরা আওয়াজ তুলব, প্রতিবাদ করব, প্রয়োজনে আমরা প্রতিরোধ গড়ে তুলব। এটাই হবে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমাদের কাজ।
জাপান সফর প্রসঙ্গে জামায়াত আমির জানান, বাংলাদেশকে নিয়ে জাপানের আগ্রহ ও ইতিবাচক মনোভাব রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, বর্তমান সংসদকে আগের সংসদগুলোর তুলনায় ভিন্নভাবে দেখছে জাপান। কারণ, বিরোধী দল একদিকে সরকারের সমালোচনা করছে, অন্যদিকে দেশের স্বার্থে সহযোগিতাও করছে। এতে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক আস্থা বাড়তে পারে বলেও তিনি মনে করেন।
দেশের স্বাস্থ্যখাত, বিশেষ করে ক্যান্সার চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশে বিপুলসংখ্যক ক্যান্সার রোগী থাকলেও উন্নত চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি। বিদ্যমান বিশেষায়িত হাসপাতালগুলোর সক্ষমতা সীমিত হওয়ায় অনেক রোগীকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হচ্ছে।
তিনি জানান, জাপানের কাছে বাংলাদেশে একটি আধুনিক ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল স্থাপনের আহ্বান জানানো হয়েছে। তার মতে, শুধু হাসপাতাল নয়, গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগসহ একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট গড়ে উঠলে দেশেই দক্ষ চিকিৎসক ও বিশেষজ্ঞ তৈরি করা সম্ভব হবে।
জামায়াত আমির বলেন, জাপান বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করছে এবং এ বিষয়ে আশাবাদী হওয়ার মতো অগ্রগতি দেখা যাচ্ছে।
এ সময় তিনি তথাকথিত ‘জুলাই যোদ্ধাদের’ বিষয়েও কথা বলেন। তিনি জানান, বর্তমানে থাইল্যান্ডে ৬৪ জন জুলাই যোদ্ধা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কেউ প্রায় এক বছর, কেউ ১০ বা ১১ মাস ধরে সেখানে অবস্থান করছেন।
ডা. শফিকুর রহমান বলেন, মানবিক ও রাজনৈতিক দায়বদ্ধতা থেকেই তাদের দেখতে যাওয়া হয়েছে। সফরের সময় তিনি সংশ্লিষ্ট চিকিৎসক ও দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার অনুরোধ জানান।
তিনি আহতদের সাহসিকতা ও আত্মত্যাগের প্রশংসা করে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করেন।
জেবি/এএস