মোঃ ওসমান গনী, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার নামাপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে একটি বসতবাড়ির টিনের চালা, আসবাবপত্র ও ঘরের প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে পৌরসভার নামাপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়িটি মৃত হযরত আলীর ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৫৫)-এর।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ বাড়িতে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ঘরের টিনের চালা, আসবাবপত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী আগুনে পুড়ে যায়। আগুনের ঘটনায় বাড়ির মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।