
মোঃ ফেরদৌস মোল্লাহ্
পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একটি নকল ও ভেজাল ভোগ্যপণ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও ভেজাল পণ্য, ক্ষতিকর কেমিক্যাল ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় কারখানার মালিক আল আমিন হাওলাদারকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসানের নেতৃত্বে উপজেলার লক্ষ্মীপুরা মহল্লায় সুমন মিয়ার ভাড়াটিয়া ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নামিদামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে তৈরি করা বিপুল পরিমাণ নকল ও ভেজাল পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—কৃষাণী চিনিগুড়া চাল, কাশ্মিরি সুগন্ধি চাল, নিউ সান আইসক্রিম (কাপ, চকবার ও কোন), রোবো আইস পপ, ভেজাল মধু, নিউ সান হোয়াইট ডিটারজেন্ট পাউডার ও সয়াবিন তেল।
এ ছাড়া ভেজাল ড্রিংকস ও জুস তৈরির বিভিন্ন কেমিক্যাল, হাই স্পিড ড্রিংক, ম্যাংগো ও লিচুর ক্ষতিকর ফ্লেভার, অননুমোদিত রং, বিভিন্ন ধরনের মেশিনারিজ, চারটি রেফ্রিজারেটর ও তিনটি কম্পিউটার জব্দ করা হয়।
অভিযানকালে কারখানার মালিক আল আমিন হাওলাদারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে তিনি নিজের অপরাধ স্বীকার করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে অবৈধ কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
এদিকে, স্টিমারঘাট-কাজীবাড়ি সড়কে অবস্থিত অপর একটি আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। সেখানে অপরিচ্ছন্ন পরিবেশে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে কারখানার স্বত্বাধিকারী শিমু খানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে অভিযানে জব্দ করা নকল ও ভেজাল পণ্যগুলো ভাণ্ডারিয়া লঞ্চঘাট এলাকায় সর্বসাধারণের উপস্থিতিতে ভেঙে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকালে ভাণ্ডারিয়া থানা পুলিশের একটি চৌকস দল আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করে।
জনস্বার্থে নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
Leave a Reply