
পটুয়াখালীর কলাপাড়ায় ডালবুগঞ্জ ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারের বিরুদ্ধে সরকারি খাসজমি দখল, বসতবাড়ির মাটি কেটে মাছের ঘের নির্মাণ, হামলা ও স্বর্ণালংকার লুটের অভিযোগে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।
এক প্রতিবাদলিপিতে জাহাঙ্গীর হাওলাদার দাবি করেন, তাঁকে জড়িয়ে প্রকাশিত সংবাদে একপক্ষের বক্তব্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। যথাযথ তথ্য-উপাত্ত যাচাই এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ না করেই এমন গুরুতর অভিযোগ প্রকাশ করা হয়েছে, যা তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
তিনি বলেন, তাঁর বিরুদ্ধে সরকারি খাসজমি দখল, বসতবাড়ির মাটি কেটে মাছের ঘের নির্মাণ, হামলা ও স্বর্ণালংকার লুটের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে তাঁকে মারধর করা হয়েছে এবং এ ঘটনায় তিনি নিজেও আইনগত ব্যবস্থা নিয়েছেন বলে জানান।
প্রতিবাদলিপিতে তিনি আরও বলেন, ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। কোনো অভিযোগ উঠলেই সেটিকে প্রমাণিত সত্য হিসেবে প্রচার করা উচিত নয়। বরং নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রকৃত ঘটনা তুলে ধরা সাংবাদিকতার দায়িত্ব।
তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের সম্পাদক ও কর্তৃপক্ষের প্রতি প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, সত্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত হোক। কেউ অপরাধী হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক, তবে মিথ্যা অভিযোগে কাউকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা উচিত নয়।
দৈনিক বিজয়ের বাণী পক্ষ থেকে জানানো হচ্ছে, এটি প্রতিবাদকারীর বক্তব্যের ভিত্তিতে প্রস্তুত করা সংবাদ। অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত।
Leave a Reply