
শেরপুর প্রতিনিধি:(কাকন সরকার)
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ পর্যটন কেন্দ্র সংলগ্ন গারো পাহাড়ে অস্ত্রের মুখে জিম্মি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আট শিক্ষার্থীকে মারধর ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩ জন শিক্ষার্থীর একটি দল গজনী অবকাশ কেন্দ্রে ভ্রমণে আসে। গাড়ি থেকে নামার পর তারা কয়েকটি ছোট দলে বিভক্ত হয়ে আশপাশের পাহাড় ঘুরতে বের হয়। এ সময় আট শিক্ষার্থীর একটি দল অবকাশ কেন্দ্রের মূল সীমানার বাইরের একটি দুর্গম পাহাড়ি টিলায় উঠলে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের ঘিরে ফেলে।
ভুক্তভোগী রাবির সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিমন রায়হান জানান, দুর্বৃত্তরা দেশীয় তৈরি ধারালো অস্ত্র ও বন্দুকের ভয় দেখিয়ে তাদের জিম্মি করে মারধর শুরু করে। একপর্যায়ে তাদের কাছে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা গহীন পাহাড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তারা উদ্ধার হয়ে মূল দলের সাথে মিলিত হন।
এ বিষয়ে গজনী অবকাশ পর্যটন কেন্দ্রের তত্ত্বাবধায়ক ক্লেমেন রাখসাম বলেন, “পিকনিক পার্টির সবাইকে দুর্গম পাহাড় ও জঙ্গলে যেতে আগেই নিষেধ করা হয়েছিল। ছিনতাইয়ের খবর পাওয়ার পরপরই আমি পুলিশকে অবহিত করি এবং ঘটনাস্থল পরিদর্শন করি।”
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুর মোহাম্মদ জানান, “ঘটনার খবর পেয়েই পুলিশের একটি দল পাহাড়ের বিভিন্ন স্থানে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেছে। তবে অপরাধীরা দুর্গম পাহাড়ের ভেতরে পালিয়ে গেছে। পর্যটন কেন্দ্রে আমাদের নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, “বিষয়টি জানার পর খোঁজ নিয়ে জেনেছি, অবকাশ কেন্দ্রের নির্ধারিত এলাকার বাইরে নিষেধাজ্ঞা অমান্য করে পাহাড়ে যাওয়ায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
Leave a Reply