1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ঈদ সামনে রেখে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিংমল - dainikbijoyerbani.com
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
ad

ঈদ সামনে রেখে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিংমল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২৯ Time View

 

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের ব্যবসা-বাণিজ্যে গতি আনতে শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১২ মে থেকে ঈদ পর্যন্ত দেশের বিপণিবিতান ও দোকানগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

বৃহস্পতিবার (৭ মে) এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তিনি জানান, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষ থেকে এ বিষয়ে মৌখিক সম্মতি দেওয়া হয়েছে।

হেলাল উদ্দিন বলেন, ব্যবসায়ীরা বেশ কয়েকদিন ধরেই দোকান খোলা রাখার সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। কারণ আগেভাগে দোকান বন্ধ করতে হলে ঈদ বাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা ছিল। ব্যবসায়ীরা পর্যাপ্ত পণ্য তুলতে কিংবা দোকান সাজানোর ক্ষেত্রেও অনিশ্চয়তায় ছিলেন।

তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হলেও অতিরিক্ত আলোকসজ্জা বা অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি মাথায় রেখেই এই শর্ত আরোপ করা হয়েছে।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপুও একই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সরকার আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করলে ব্যবসায়ী ও ক্রেতা—উভয়ের জন্যই তা স্বস্তির হবে।

ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে শুরুতে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার আবেদন করা হয়েছিল। তবে সরকার আপাতত রাত ১০টা পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্তে সম্মতি দিয়েছে বলে জানা গেছে।

এর আগে জ্বালানি সংকট মোকাবিলায় গত ৩ এপ্রিল সরকার সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা দিয়েছিল। পরে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনার পর সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়।

এখন ঈদুল আজহাকে সামনে রেখে ক্রেতাদের কেনাকাটার সুবিধা এবং ব্যবসায়ীদের বেচাকেনার সুযোগ বাড়াতেই নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি