1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কত সাংবাদিককে হেনস্তা করেছি, পিটিয়েছি” এসিল্যান্ডের মন্তব্য ঘিরে উত্তাল আদমদীঘি - dainikbijoyerbani.com
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
ad

কত সাংবাদিককে হেনস্তা করেছি, পিটিয়েছি” এসিল্যান্ডের মন্তব্য ঘিরে উত্তাল আদমদীঘি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৩ Time View

 

বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের এক মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে তার কার্যালয়ের সব ধরনের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এক সাংবাদিক উপজেলা ভূমি অফিসে গেলে কিছুক্ষণ অপেক্ষার পর সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের সঙ্গে তার কথা হয়। এসময় উপজেলার কয়েকটি মৌজার জমি এখনো অনলাইনে অন্তর্ভুক্ত না হওয়ায় সাধারণ সেবাপ্রার্থীদের ভোগান্তির বিষয়টি তুলে ধরা হলে তিনি বিরক্তি প্রকাশ করেন।

একপর্যায়ে তিনি বলেন, “এসব বিষয়ে সবাই সাংবাদিকদের কাছে যায়।” পরে আরও বলেন, “পূর্বের কর্মস্থলে থাকতে কত সাংবাদিককে হেনস্তা করেছি, পিটিয়েছি, আমার সম্পর্কে খবর নেন।”

তার এমন বক্তব্যে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সাংবাদিকদের অভিযোগ, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার মুখে এ ধরনের বক্তব্য শুধু অনভিপ্রেতই নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের মর্যাদার ওপর সরাসরি আঘাত।

এরআগেও ভূমি মেলাকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে এসিল্যান্ড আশরাফুল ইসলামের বিরুদ্ধে। জানা যায়, সারাদেশে ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, ডিজিটালাইজড সেবা নিশ্চিত করা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন ভবন চত্বরে তিন দিনব্যাপী ভূমি মেলার আয়োজন করা হয়।

মঙ্গলবার সকালে অনুষ্ঠিত ওই মেলার উদ্বোধনী অনুষ্ঠান কাভারের জন্য আগের দিন রাতেই স্থানীয় সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়। পরদিন সকাল ১০টার দিকে কয়েকজন সাংবাদিক অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে তথ্য সংগ্রহ ও ছবি ধারণ করেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি আব্দুল মহিত তালুকদারের বক্তব্য নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দিকে গেলে অভিযোগ রয়েছে, দ্বিতীয় তলায় ওঠার সময় সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম তাদের বাধা দেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন।

ঘটনাটিকে সাংবাদিকরা অপমানজনক উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পরে উপজেলার কর্মরত সাংবাদিকরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেন, আশরাফুল ইসলাম আদমদীঘিতে দায়িত্ব পালনকালীন তার কার্যালয়ের কোনো সংবাদ প্রকাশ করা হবে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে আদমদীঘিতে যোগদানের পর থেকেই তার আচরণ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। সাধারণ সেবাপ্রার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বিরূপ আচরণের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

তবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে বলেন, “এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।##

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি