
সখীপুরে এক বকনা বাছুর ৮ মাসের গর্ভাবস্থায়, প্রতিদিন দুধ দিচ্ছে ৬/৭ লিটার।
মির্জা সাইদুল ইসলাম (সাঈদ)
টাঙ্গাইলের সখীপুরে গত কয়েকদিন পূর্বে ১০ মাস বয়সের এক বকনা বাছুর থেকে, দিনে ৩ লিটার দুধ দেওয়ার ঘটনা নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনার সমালোচনার রেষ কাটতে না কাটতেই, একই উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামের, ব্যবসায়ী কিসমত আলীর ৮ মাসের প্রথম গর্ভাবস্থায় এক বকনা বাছুর দিনে ৬ লিটার দুধ দিয়ে সৃষ্টি করেছে আরো-এক নতুন আলোড়ন।
সরেজমিনে দেখা যায়, কিসমত আলীর ছেলে আনোয়ার হোসেন ৮ মাসের গর্ভবতী বকনা গরুর ওলান থেকে দুধ সংগ্রহ করছেন। প্রায় ২০-২৫ দিন ধরে তিনি দিনে ৬-৭ লিটার করে দুধ সংগ্রহ করছেন।
কিসমত আলী বলেন, বেশ কিছুদিন আগে ৩৫ হাজার টাকায় ১৩ মাস বয়সী ফিজিয়াম জাতের বকনাটি ক্রয় করি। এর কিছু দিন পর গরুটির শরীরে প্রথম তাপ সৃষ্টি হলে পশু ডাক্তারের মাধ্যমে কৃত্রিম ভাবে বীজ দেওয়া হয়। বর্তমানে বকনাটি ৮ মাসের গর্ভবতী। কিছুদিন আগে হঠাৎ গরুটির ওলান অস্বাভাবিক ফোলা পরিলক্ষিত হলে আমি প্রথমে চমকে গিয়েছিলাম। পরে হাত দিয়ে দেখি ওলানে দুধ জমেছে। তাৎক্ষণিক ওলান থেকে দুধ নিষ্কাশন করি এবং পরবর্তীতে পশুসম্পদ কর্মকর্তার পরামর্শে আমরা এই দুধ নিজেরা পান করি এবং অতিরিক্ত যা থাকে তা স্থানীয় একটি মিষ্টির দোকানে বিক্রি করে দেই।
জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল জলিল বলেন, এর আগেও উপজেলার গড়গোবিন্দপুর গ্রামের শ্রমিক নেতা খোরশেদ আলম তাঁর ১০ মাস বয়সী অ-গর্ভা এক বকনা বাছুর থেকে দিনে ৩ লিটার করে দুধ সংগ্রহ করছে। অতএব এসব বিষয়ে অবাক হওয়ার কিছুই নেই। হরমোন জনিত কারণে এমনটা হয়। এই দুধ সম্পূর্ণ রূপে স্বাস্থ্যসম্মত।
তারিখঃ-১৭/০৬/২০২১ ইংরেজি।
ফোনঃ-০১৭১১-৫১৬৩০৩।
Leave a Reply