
মোঃ ওসমান গনী, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
জনগণের মতামত ও সম্মতিকে গুরুত্ব দিয়ে নির্বাচনী পথচলা শুরু করতে চান বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রত্যাশী জুলফিকার হাসান শাওন। নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে তিনি ছুটে যাচ্ছেন ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মন্দির ও পাড়া-মহল্লায়। কথা বলছেন নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে, শুনছেন তাঁদের প্রত্যাশা ও মতামত।
জানা যায়, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে এলাকাবাসীর মতামত জানতে সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করছেন শাওন। তিনি বিভিন্ন মন্দিরে গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলছেন। পাশাপাশি মসজিদে নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করছেন। শুধু তাই নয়, মসজিদ-মন্দির এলাকার বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছেও নিজের নির্বাচনী পরিকল্পনা তুলে ধরে তাঁদের সম্মতি চাইছেন।
এ সময় স্থানীয় মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের অনেকেই তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান। তাঁদের ভাষ্য, ‘আপনি নির্বাচনে অংশ নিন, আমরা আপনার পাশে আছি। একজন দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে আমরা আপনাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।’
এলাকাবাসীর এমন উৎসাহ ও ইতিবাচক সাড়া জুলফিকার হাসান শাওনের নির্বাচনী প্রত্যাশাকে আরও জোরালো করছে। তাঁর এই উদ্যোগে ধর্মীয় সম্প্রীতি ও সর্বস্তরের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে।
শাওনের প্রত্যাশা, বিহার ইউনিয়নের মানুষের ভালোবাসা, পরামর্শ ও সমর্থন নিয়ে তিনি আগামী দিনের পথচলা এগিয়ে নিতে পারবেন। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের অধিকার ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান তিনি।
এদিকে বিহার ইউনিয়নে চেয়ারম্যান পদে জুলফিকার হাসান শাওনের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে তাঁর অবস্থান কী হয়, তা নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক ও নির্বাচনী পরিস্থিতির ওপর।
Leave a Reply