
মৌলভীবাজারের জুড়ীর সোনারুপা চা-বাগান আগামীকাল মঙ্গলবার আবার খুলছে। বাগানের ব্যবস্থাপকসহ প্রতিষ্ঠানের কয়েকজন লোককে মারধরের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাগানের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে। এ পরিস্থিতির নিরসনে স্থানীয় সাংসদ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের নির্দেশনায় আজ সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে বাগানটি খোলার ব্যাপারে সিদ্ধান্ত হয়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বৈঠক শুরু হয়। এতে ইউএনও আল ইমরান রুহুল ইসলাম সভাপতিত্ব করেন। এ ছাড়া অন্যান্যের মধ্যে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব সাদেক কাওছার দস্তগীর, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব সঞ্জয় চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব রিংকু রঞ্জন দাস, স্থানীয় পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জনাব সালেহ উদ্দিন আহমদ , বাগান পরিচালনাকারী প্রতিষ্ঠান আকিজ গ্রুপের উপমহাব্যবস্থাপক জনাব কাজল মাহমুদ, জুড়ী ভ্যালি চা-শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব কমল বুনারজিসহ বাগানের শ্রমিক পঞ্চায়েত কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সাংসদ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের নির্দেশনায় আজ সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে বাগানটি খোলার ব্যাপারে সিদ্ধান্ত হয়।
ইউএনও আল ইমরান রুহুল ইসলাম বিকেল সোয়া চারটার দিকে মুঠোফোনে বলেন, ব্যবস্থাপকসহ অন্যদের মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ঘটনায় যেসব শ্রমিক জড়িত রয়েছেন, তাঁদের বিরুদ্ধে বাগান কর্তৃপক্ষ শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। এ ছাড়া উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি আপসে মিটমাটের জন্যও একটি কমিটি করে দেওয়া হয়েছে। বৈঠকে শ্রমিকনেতাদের পক্ষ থেকে ব্যবস্থাপকের বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। কর্তৃপক্ষ তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেবে।
Leave a Reply