
লেবুখালীর পায়রা সেতুর নির্মান কাজে কর্মরত শ্রমিকের মৃত্যু
কাওসার মাহমুদ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নে নির্মাণাধীন পায়রা সেতুর ওপর থেকে নিচে পড়ে মোস্তাফিজুর রহমান (৩০) নামের একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় দুর্ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক মোস্তাফিজুর রহমান স্বপনের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে।
পায়রা সেতুর প্রকল্প পরিচালক আব্দুল হালিম জানান, নির্মাণাধীন পায়রা সেতুতে কর্মরত সার্ভেয়ার হেল্পার লেবুখালী প্রান্তের সেতুর উপরে কর্মরত অবস্থায় ৬০ফুট উপর থেকে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয়।তাৎক্ষণিক তাা বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মোস্তাফিজুর রহমান স্বপন মারা যান।
তিনি আরও জানান, মৃত মোস্তাফিজ সার্ভেয়ার সহকারী হিসেবে সেতু প্রকল্পে কর্মরত ছিলেন। সেতুর ওপরে কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে এবং সেফটি বেল্ট ছিঁড়ে তিনি নিচে পড়ে যান। আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে যোগ করেন প্রকল্প পরিচালক।
এক দশমিক ৪৭ কিলোমিটার দৈর্ঘ্য ও ১৯ দশমিক ৭৬ মিটার প্রস্থের এই সেতুটির নির্মাণ কাজ আগামী ৩০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। দেড় হাজার কোটি টাকা ব্যয়ে ২০১৬ সালের ২৪ জুলাই সেতুটির নির্মাণ কাজ শুরু হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ১৯ মার্চ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে চীনের একটি প্রতিষ্ঠান ৩১টি পিলার ও ৩২টি স্প্যানের ওপর সেতুটি নির্মাণ করছে। বাংলাদেশ সরকার ও কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট যৌথভাবে এই সেতুতে অর্থায়ন করছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক।
Leave a Reply