
অনন মজুমদার, কুবি প্রতিনিধি: রোববার (২১ মার্চ) সুনামগঞ্জের শাল্লায় সংগঠিত সাম্প্রদায়িক হামলার সাথে জড়িত সকলের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন করে তারা।
বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মী মোহন চক্রবর্তীর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া, শাখা ছত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ।
মানববন্ধনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে বলেন,
সাম্প্রতিক সময়গুলোতে বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে এ ধরনের হামলা করে থাকে। রামুতে হলো, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে, পাবনার সাঁথিয়ায় হলো, এরপর সুনামগঞ্জে হলো।
সুষ্ঠু ও উদাহরনযোগ্য কোনো বিচার পূর্বের ঘটনা গুলোতে না হওয়ায় এধরনের হামলা বারেবারে ঘটে যাচ্ছে বলে তিনি মনে করেন।
এসময় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সজল চন্দ্র মজুমদার বলেন, সাম্প্রদায়িক ঘটনা ঘটছে বিচারহীনতার কারনে। মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করার জন্য এসব ঘটনা ঘটানো হচ্ছে।
Leave a Reply